আগামী ৫ ডিসেম্বর (শনিবার) বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার দ্বিতীয় বগুড়া সফর। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফর সফল করতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মুখ্য সচিব আবদুস ছাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নবগঠিত মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধনের পাশাপাশি জনসভায় অংশ নিতে পারেন। এ ছাড়া গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্টে খনন কার্যক্রমের উদ্বোধন এবং সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী পৃথক আরেকটি সফরে আসবেন বলে জানান রেজাউল করিম বাদশা।
সাংগঠনিক বৈঠকে বগুড়ার উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন তারেক রহমান। বগুড়াকে মডেল হিসেবে বিবেচনায় নিয়ে সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের পরিকল্পনাও তুলে ধরতে পারেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে নবগঠিত মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
পাশাপাশি মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে মোকামতলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
সভায় অনুষ্ঠানস্থল পরিদর্শন, পরিচ্ছন্নতা, নিরাপত্তাব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, দোকানপাট ব্যবস্থাপনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে আলোচনা হয়। হাইস্কুল রোডের প্রতিবন্ধকতা ও ময়লা-আবর্জনা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ইউএনও।
সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রতিমন্ত্রীর উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিক, সদস্যসচিব রোকন উদ-দৌলা রুবেল, মোকামতলা পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, দেউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব মোল্লা।