বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভারতে যাতায়াতের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশের খবরকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা।’
ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্ত পাহারার বিষয়ে বিজিবি সদস্যদের পরামর্শ দিতে দেখা যায়।
রোববার সন্ধ্যা থেকেই বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে সিসি ক্যামেরা, সার্চলাইট ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। রাতের টহলেও ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সার্চলাইট। চোরাচালান ও অবৈধ পারাপার ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।