বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে এলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার দাবি, জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা বলা কঠিন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের অভিযোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বুঝতে হবে, দেশের মানুষের কাছে তাদের অবস্থান এখন কোথায়। জনগণের বর্তমান মনোভাব বিবেচনায় তারা দেশে ফিরলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, অতীতের শাসনামলে নানা অনিয়ম ও দমন-পীড়নের কারণে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপরও তার অনুসারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশের সমালোচনা করে দুদু বলেন, বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত থেকে ওই দেশ দীর্ঘদিন সুবিধা নিয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাব এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনীতি পুনর্গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন।
দুদু আরও বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতির জন্য সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সাত-আট মাসের মধ্যে দেশের সব সংকট কেটে গেছে বলে মনে করার সুযোগ নেই। এখনো নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি।
তিনি বলেন, জাতীয় স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে। সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জনগণের কাছে দায়ী থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলগুলোর ভূমিকা প্রসঙ্গে দুদু বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এখন পর্যন্ত সংসদের বিরোধী দল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের দায়িত্বশীল অবস্থান অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ সময় সরকারের প্রতি জনসমর্থন রয়েছে দাবি করে দুদু বলেন, রাজপথে এখনো সরকারের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা বেশি। তবে দেশের বাইরে অবস্থানরত একটি অংশ সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও স্বীকার করতে চায় না বলে অভিযোগ করেন তিনি।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।