ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেয়ে দেশটির সঙ্গে স্থায়ী চুক্তি করতেই বেশি আগ্রহী যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য এমন একটি চুক্তি নিশ্চিত করা, যার মাধ্যমে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সম্ভব হবে।
শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে সরকার পরিবর্তনের বিষয়টি কখনোই তার প্রধান অগ্রাধিকার ছিল না। বরং তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোই তার মূল লক্ষ্য।
ইরানের নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকে বিষয়টিকে শাসনব্যবস্থা পরিবর্তন হিসেবে দেখছেন। তবে এরই মধ্যে ইরানের নেতৃত্বের দুটি গোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিকে শাসনব্যবস্থার বড় ধরনের পরিবর্তন বলা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হয়। ওই অভিযানে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। পরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প বলেন, আগের তুলনায় তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। বর্তমান নেতারা কিছুটা বেশি যুক্তিসংগত অবস্থানে রয়েছেন বলে মনে করেন তিনি। তবে তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের অভিযোগ, ইরান বিভিন্ন সময়ে চুক্তি করলেও পরে তা যথাযথভাবে মেনে চলে না। এ কারণে তিনি এমন একটি স্থায়ী সমঝোতা চান, যা ভবিষ্যতেও কার্যকর থাকবে।
পারমাণবিক অস্ত্রের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই নিশ্চিত করতে চান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিন্ন নেতৃত্ব ক্ষমতায় এলেও যেন ইরানের সঙ্গে করা চুক্তির মূল শর্তগুলো অক্ষুণ্ণ থাকে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি তাড়াহুড়া করতে চান না। প্রয়োজনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতেও প্রস্তুত রয়েছেন তিনি।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?