দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পুনর্গঠনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিরোধে নতুন করে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে তুলা ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শহীদ পরিবারের সদস্য ও আহত নেতাকর্মীদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
জোনায়েদ সাকি বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মী ও সংগঠকদের দায়িত্ব হলো আন্দোলনে অংশ নেওয়া লাখো মানুষের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। একদিকে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, অন্যদিকে কোনো শক্তি সন্ত্রাস, অরাজকতা বা মব সৃষ্টির মাধ্যমে জনগণের মধ্যে ভীতি ছড়াতে চাইলে তা প্রতিহত করতে হবে। এই দুই ক্ষেত্রেই সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, রিয়া গোপসহ আন্দোলনে প্রাণ দেওয়া হাজারো শহীদের পাশাপাশি আগের ১৫-১৬ বছরের রাজনৈতিক সংগ্রামে নিহত ও নির্যাতনের শিকার ব্যক্তিদেরও স্মরণে রাখতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটি মাস কিংবা তিন সপ্তাহের আন্দোলনের ফল নয়। দীর্ঘদিনের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে জনগণের মধ্যে যে সম্মিলিত প্রত্যাখ্যান তৈরি হয়েছিল, তারই পরিণতি ছিল এই গণ-অভ্যুত্থান। মানুষের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা ও ঐক্যবদ্ধ উপলব্ধি তৈরি হয়েছিল বলেই সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন।
সভায় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদকে ফ্যাসিবাদী কায়দায় ব্যবহার করে মানুষের পরিচয় ও রাজনৈতিক অবস্থান নির্ধারণ করত। এর মাধ্যমে নাগরিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে এখনো এমন রাজনৈতিক শক্তি রয়েছে, যারা মানুষের ধর্মীয় পরিচয় নির্ধারণের চেষ্টা করে। তাই একদিকে ধর্মীয় ফ্যাসিবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে, অন্যদিকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও অব্যাহত রাখতে হবে।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু আহত জুলাই যোদ্ধা ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটির রাজপথে থাকার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবনের সভাপতিত্বে এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ঢাকা জেলার সমন্বয়কারী বাচ্চু ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শ্রমখাতবিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রাজা আহমেদ জুম্মন, আব্দুল কাদের খান, মো. তারেক হোসেন, সজল আহমেদসহ আহত জুলাই যোদ্ধারা।