শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন তিনি।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির।
পাশাপাশি বাংলাদেশের খাল খনন, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন তিনি।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।