জাতীয় সংসদে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এলাকার তরুণ ও কিশোরদের উপহার দেওয়া পাঞ্জাবি পরে বক্তব্য দেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি জানান, এলাকার কয়েকজন তরুণ-কিশোর তাদের মা-বাবার কাছ থেকে চাঁদা তুলে টাকা জমিয়ে পাঞ্জাবিটি কিনে দিয়েছেন। তাদের প্রত্যাশা ছিল, সংসদে দাঁড়িয়ে তিনি আবারও ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানাবেন।
বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পাঞ্জাবিটি দেওয়ার সময় তরুণদের চোখের পানি এখনো তার মনে ভাসছে। তাদের এই আবেগ ও প্রত্যাশার কথা স্মরণ করেই তিনি সংসদে এসেছেন।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি যেসব কথা বলে গেছেন, সেগুলো বর্তমান বাংলাদেশের বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া সম্মিলিত প্রতিশ্রুতির কথাও স্মরণ করেন তিনি।
এ সময় স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, তার গায়ে থাকা পাঞ্জাবিটি শুধু একটি উপহার নয়, এর সঙ্গে লাখো তরুণের আবেগ ও প্রত্যাশা জড়িয়ে রয়েছে।