জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে অন্যায়ের সঙ্গে আপস না করা এবং জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করে কাজ করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা বাড়াতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের জায়গা না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণভোটের গণরায় বাস্তবায়ন সময়ের দাবি।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান তিনি।
বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।