বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। তবে বিএনপি ও জিয়া পরিবারের প্রতি ভালোবাসা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা অটুট থাকার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান খান সাইফুল।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ থেকে বিএনপির সব ধরনের রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পোস্টে খান সাইফুল অভিযোগ করেন, সারা দেশের মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন দলে ও কমিটিতে অন্তর্ভুক্ত করছেন। এ কারণে ধীরে ধীরে বিএনপির প্রতি তৃণমূলের নেতা-কর্মীদের আগ্রহ কমে যাচ্ছে।
তিনি আরও দাবি করেন, এ ঘটনায় শুধু তিনি নন, সারা দেশের তৃণমূলের অনেক নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খান সাইফুল লেখেন, তৃণমূলের নেতা-কর্মীদের ক্ষোভ ও হতাশার কথা শুনলে দলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বুঝতে পারতেন।
পোস্টের শেষাংশে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে দলটির নেতা-কর্মীদের ভালো থাকার শুভকামনা জানান তিনি।