দেশের তৈরি পোশাকশিল্পকে কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, বরং জাতীয় শিল্প হিসেবে উল্লেখ করে এ খাত রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।
সংসদে ডা. শফিকুর রহমান বলেন, দেশের গার্মেন্টস খাতে বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে। এ খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই বিষয়টি জরুরি ভিত্তিতে সংসদে আলোচনা করা প্রয়োজন।
তিনি জানান, গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান একটি নোটিশ দিয়েছিলেন। তবে অধিবেশনের কার্যতালিকায় বিষয়টি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থে এই নোটিশের ওপর আলোচনা হওয়া জরুরি। পোশাকশিল্প রক্ষায় সরকারের পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, চলতি অধিবেশনে বিরোধী দলের দেওয়া কোনো নোটিশ অনুমোদন না হওয়ায় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ সীমিত হচ্ছে।
আগামী মঙ্গলবার অধিবেশনের আলোচ্যসূচিতে গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে নোটিশটি অন্তর্ভুক্ত করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।