বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনৈতিক কারণে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর দাবি, চিকিৎসকদের রাজনৈতিক কারণে হয়রানি ও বঞ্চনার এমন ঘটনা বিশ্বের অন্য কোনো দেশে নজিরবিহীন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক বিবেচনার কারণে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি। এতে চিকিৎসকদের পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের চিকিৎসকরা যোগ্যতা ও অভিজ্ঞতার দিক থেকে বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। তাঁদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।
তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে চিকিৎসকের ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।