দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার মধ্যে ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাহমুদ হাসান খান বলেন, দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের ক্ষতি করতে একটি মহল সক্রিয় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ওই মহলের পরিচয় পরিবর্তিত হয় বলেও দাবি করেন তিনি।
বিজিএমইএর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনটি কোনো রাজনৈতিক দলের অনুসারী নয়। নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকার ক্ষমতায় থাকে, সংগঠনটি তার সঙ্গে সমন্বয় করে কাজ করে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই পোশাক খাতে অস্থিরতা শুরু হয়।
তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের আগে শ্রমিকদের কিছু দাবি যৌক্তিক হতে পারে। কিন্তু বোর্ড গঠনের পরও চলমান অস্থিরতাকে যৌক্তিক মনে করছেন না তিনি।
বিজিএমইএ সভাপতির দাবি, মালিকপক্ষকে চাপ দিয়ে অযৌক্তিক মজুরি নির্ধারণ করানো কিংবা অন্য কোনো উদ্দেশ্যে এ পরিস্থিতি তৈরি করা হতে পারে।
সব পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।