বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস, ২০২৭’ গ্রন্থে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটির ১৬০ নম্বর পৃষ্ঠায় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভাগে এশিয়া অঞ্চলের বাংলাদেশ অংশে তারেক রহমানের পরিচিতি তুলে ধরা হয়েছে। এবারই প্রথম তালিকায় যুক্ত হওয়ায় তাঁর নামের পাশে ‘নিউ’ উল্লেখ করা হয়েছে।
গ্রন্থে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।
প্রকাশনায় উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফিরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতৃত্ব দেন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বকে ক্রমানুসারে স্থান দেওয়া হলেও অন্য ৪৫০ জনকে প্রভাবের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক বিভাগে তারেক রহমানের নাম থাকলেও তাঁর জন্য নির্দিষ্ট কোনো ক্রমিক অবস্থান দেওয়া হয়নি।
প্রকাশনাটির ভূমিকায় বলা হয়েছে, সামাজিক সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে প্রভাবশালী ব্যক্তিদের নির্বাচন করা হয়। তবে তালিকায় অন্তর্ভুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন নয়।