দেশে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি জানান, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের ৮০ শতাংশই হবেন নারী।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথ গুরুত্ব পায়নি। ফলে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় জ্ঞান ও সেবা পৌঁছে দিতে কাজ করবেন।
গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কার্যকর রোগ প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বলেন, গবেষণার অগ্রগতি ধীরগতির মনে হলেও হতাশ হওয়ার কিছু নেই। তাদের কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে, যা গর্বের বিষয়।