নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতারা বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিচ্ছেন। পাশাপাশি ভাড়াটে লোকজন দিয়ে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কারাগারে থাকা নিজেদের নেতাকর্মীদের পরিস্থিতি আরও জটিল করে তুলছেন। ডিসেম্বর নিয়ে দেওয়া হুমকিকে অবাস্তব উল্লেখ করে তিনি জানান, এবার বিজয়ের মাস ব্যাপক আয়োজনে উদযাপন করা হবে। ১ ডিসেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজয় উৎসব পালন করবে ছাত্রদল।
এ সময় গণঅভ্যুত্থানের পর একটি ছাত্রসংগঠনের শীর্ষ নেতা ও সমন্বয়কদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ছাত্রদল সভাপতি। তার অভিযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হলে সংশ্লিষ্ট নেতাদের মাঠে দেখা যায় না। বরং কেউ পরিবারকে সময় দিচ্ছেন, কেউ শ্রীমঙ্গলে ঘুরতে যাচ্ছেন।
এ ধরনের কর্মকাণ্ডকে জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি বলেও মন্তব্য করেন তিনি।
রাকিব আরও দাবি করেন, গত সাড়ে ১৫ বছরে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সংগঠনটির ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন ছাত্রদল সভাপতি।