ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক একটি সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রও জানিয়েছে, এ ধরনের একটি ই-মেইল হাইকমিশন থেকে তাদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেন। এতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের তাঁর পক্ষে আবেদন করার ক্ষমতা দেওয়ার কোনো প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে আবেদনটি সরাসরি শেখ হাসিনার অনুমোদিত কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর এ ধরনের প্রথম আবেদন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।