জুলাই গণঅভ্যুত্থানকে যারা নিজেদের একক সম্পত্তি বানাতে চাইবে, তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সবার, কারও একার নয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৪ আমাদের, আমাদের করতে থাকলে এটা কারও থাকবে না। এটা আসলে সবার।’
আওয়ামী লীগ ও এনসিপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, চেতনা বিক্রি করেছিল, তারা দিল্লিতে চলে গেছে। এখন নবীনরা ২৪-এর গণঅভ্যুত্থানের কৃতিত্ব একার বলে দাবি করছে। এমন করলে তারা এগিয়ে যেতে পারবে না। মুক্তিযুদ্ধ ও জুলাই সবার, কারও একার নয়।’
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার। নির্বাচন পেছাতেও তাদের চেষ্টা ছিল।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদিন রচনা হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদের। ১৮৫৭ সালের পর দ্বিতীয় সিপাহী বিপ্লব হয় ৭ নভেম্বর। ৭ নভেম্বর বিএনপির একার সম্পত্তি নয়, এটি দেশের সবার।’
তিনি আরও বলেন, ‘অরক্ষিত স্বাধীনতা রক্ষা করা হয়েছে ৭ নভেম্বর।’
সালাহউদ্দিন আহমদ বলেন, আঞ্চলিক প্রভুরা বুঝতে পেরেছে, এ দেশে জিয়াউর রহমানের সময় জাতীয়তাবাদের উত্থান হয়েছিল।