মাদক কারবারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
মাদক ব্যবসায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মাদক কারবারিরা অনেক সময় ক্ষমতাসীন দলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকে। মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে সারা দেশে মাদক ছড়িয়ে পড়ছে। এ কাজে কিছু পরিবহন ও ওষুধ কোম্পানির সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। পরিকল্পিতভাবে মাদক ছড়িয়ে সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের চেষ্টা চলছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, মাদকের সহজলভ্যতা এর বিস্তারের অন্যতম কারণ। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যাতে কোনো মাদক কারবারি পার পেতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিতার্কিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।