সরকার নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে। ছোবল দিয়ে সাপ পালিয়ে যাবে, আপনাদের মরদেহ পড়ে থাকবে।’
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জামিনে কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, যারা সুবিধার সময়ে পাশে থাকে, সংকট দেখা দিলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। বিরোধী দলের চরিত্রহনন বন্ধ করে জনগণের দুর্ভোগ দূর করতে সরকারকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠ দমনের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তাঁর দাবি, সংঘবদ্ধ জনশক্তি ইতোমধ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই প্রতিরোধ আরও শক্তিশালী হবে।
মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ও মামলার সমালোচনা করে তিনি দাবি করেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় তাঁকে ভিত্তিহীন মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।
তিনি আরও দাবি করেন, আখতারুজ্জামানের প্রতিবাদের পর বিমানবন্দরে নতুন ট্রলি সংযোজন, কর্মীদের বডি ক্যামেরা ব্যবহার এবং লাগেজ সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়েছে। এতে সাধারণ যাত্রী ও প্রবাসীরা উপকৃত হচ্ছেন।
আখতারুজ্জামানের জামিন পেতে উচ্চ আদালতে যেতে হওয়াকে দুঃখজনক উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।