এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করে প্রকৃত চিত্র তুলে ধরায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা দৈনিক পঞ্চগড় খবরের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, গতবারের তুলনায় এবার পাসের হার কমে প্রায় ৫২ শতাংশে নেমেছে। গত ১০ বছরের মধ্যে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও সবচেয়ে কমগুলোর একটি, যা প্রায় ২৪ হাজার। এটি শিক্ষার প্রকৃত চিত্র তুলে ধরেছে।
তিনি জানান, এবার এক বিষয়ে প্রায় ৩ লাখ এবং দুই বিষয়ে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতে দ্রুত পুনরায় পরীক্ষার ব্যবস্থা নেওয়ার উদ্যোগকেও স্বাগত জানান তিনি।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে সারজিস বলেন, ডিসেম্বর মাসে তাঁর দেশে ফেরার গুঞ্জনকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তবে তিনি সত্যিই দেশে ফেরার চেষ্টা করলে আওয়ামী লীগের অবশিষ্ট রাজনৈতিক অস্তিত্বও শেষ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির সংসদীয় জোট থাকলেও স্থানীয় নির্বাচনে দলগুলো নিজ নিজ অবস্থান থেকে অংশ নেবে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে। কোনো সমঝোতা ছাড়াই তাঁরা শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন বলে জানান তিনি।