সাধারণ মানুষের ভোট ও গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা থেকে কুষ্টিয়াগামী ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ চলাকালে মুন্সীগঞ্জের মাওয়া পদ্মা সেতু উত্তর থানার সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
শফিকুর রহমান বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখালে সরকারও সম্মানিত হবে। কিন্তু জনগণের সুনির্দিষ্ট রায় অগ্রাহ্য করা হলে সরকারকে শুধু অপমানিতই হতে হবে না, এর জন্য চড়া মূল্যও দিতে হবে।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দফায় এই লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে জানিয়ে জামায়াত আমির বলেন, তাঁদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট। দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ও দাবির পক্ষে তাঁরা রাজপথে নেমেছেন।
তিনি বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, সরকারের উচিত অবিলম্বে তা বাস্তবায়ন করা। এই একটি দাবি যথাযথভাবে কার্যকর করা হলে বাকি ছয়টি দাবিও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে।
শফিকুর রহমান আরও বলেন, দেশের সাধারণ মানুষের এই ঐতিহাসিক দাবি অচিরেই আদায় হবে বলে তাঁরা আশাবাদী। দাবি আদায় করেই তাঁরা রাজপথ ছাড়বেন এবং ঘরে ফিরবেন।