আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুধু নামের পার্থক্য, রাজনৈতিক চরিত্র একই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, ক্ষমতার পালাবদল হলেও চাঁদাবাজি, দখলদারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার প্রবণতা বন্ধ হয়নি।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। বিএনপিও বর্তমানে একই পথে হাঁটছে। তাঁর দাবি, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় এসে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার মামলাগুলো প্রত্যাহার করেছিল। এসব মামলা পুনরুজ্জীবিত করে অভিযুক্তদের গ্রেপ্তারের আহ্বান জানান তিনি।
ওই দিনের সহিংসতা প্রতিরোধে তৎকালীন বিএনপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা।
সেমিনারে বিশেষ অতিথি হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারগুলো বিএনপি ক্ষমতায় এসে বাতিল করেছে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।