পিরোজপুরে এক মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন দৃশ্য আর দেখতে চান না।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান তিনি।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে মানুষের জানাজা ও দাফনের মতো মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, পিয়াস করিম ও আল মাহমুদের মরদেহ শহিদ মিনারে নেওয়া এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছিল। বিরোধী দলের অনেক নেতার জানাজাও ঢাকায় করতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তবে ফ্যাসিস্টদের মানবাধিকারের পক্ষেও কথা বলার ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম লেখেন, শত্রুর সঙ্গেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মানবাধিকারের প্রশ্নে অতীতের হত্যাকাণ্ডগুলোরও বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর দেশজুড়ে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে লাশের ওপর উল্লাস, কবর ভাঙচুর এবং জানাজায় বাধা দেওয়ার মতো ঘটনাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা হয়েছে। শহিদ ওসমান হাদীর কবর উৎখাতের পক্ষেও জনমত তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সব নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।