নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি বিরোধীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলছে। অথচ নির্বাচনের সময় তারাই আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগের ভোটেই বিএনপি বিভিন্ন আসনে জয় পেয়েছে।
সরকার ও প্রশাসনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগও করেন জামায়াত আমির। সীমান্ত দিয়ে অস্ত্র, অর্থ ও মাদক প্রবেশ ঠেকাতে সরকারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দ্রব্যমূল্য ও চাঁদাবাজির সমালোচনা করে তিনি বলেন, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, অথচ সাধারণ মানুষকে চড়া দামে পণ্য কিনতে হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জামায়াত ও ১১-দলীয় জোট জনগণের অধিকার এবং জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। দেশ পরিচালনায় ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।