সরকারের একের পর এক ভুল ও অনিয়মের বিরুদ্ধে বিরোধী দল নীরব থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের ভালো কাজে সমর্থন দেওয়া হবে, তবে ভুল ও অনিয়মের সমালোচনা করতেও পিছপা হবে না জামায়াত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘একটার পর একটা অঘটন ঘটবে, আর আমরা কি বসে থাকব? ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন?’
তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে জামায়াত সংসদে দায়িত্বশীল ও বিবেকবান ভূমিকা পালন করতে চায়। তবে সব বিষয়ে সরকারের প্রতি সমর্থন জানানো কিংবা সংসদে অস্থিতিশীলতা সৃষ্টি—কোনোটিই তাদের লক্ষ্য নয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি অভিযোগ করেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো দলের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা, প্রশাসনের দলীয়করণ, প্রবাসীদের অধিকার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার পরিকল্পনা তাদের নেই। পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।