সড়ক ও গণপরিবহন খাতে দীর্ঘ ৫৬ বছরের পুঞ্জীভূত দুর্নীতি ও ব্যর্থতায় দেশের সড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতাকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন গাজী আতাউর রহমান।
বাণীতে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতিদিন গড়ে ৬৬ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং ১০৪ জন পঙ্গুত্ব বরণ করেন। বছরে আহত হন ৩০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন কিংবা প্রতিবন্ধী হয়ে পড়েন। বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৪ হাজার ২৩৩ জন।
তিনি আরও জানান, প্রতি এক লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ১৪ দশমিক ৬৭। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৮৪ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ১৫ দশমিক ৪ শতাংশ নারী।
এই পরিসংখ্যান সড়ক দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরছে উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, স্বাধীনতার পর দায়িত্ব পালন করা সরকারগুলোর ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই। যানবাহনের ফিটনেস ও রুট পারমিট প্রদান এবং চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতার কারণেই সড়ক আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।
সড়ক নিরাপদ করতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পরিবহন খাতকে পুরোপুরি আইনের আওতায় পরিচালনা করতে হবে। একই সঙ্গে এ খাতে প্রভাব বিস্তারকারী ‘মাফিয়া’দের দমন করতে হবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং পরিবহন খাতে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।