সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর এবং তাদের জীবন রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগের অভাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সমাবেশে সিপিবি নেতারা অভিযোগ করেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও বিদেশে তাদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার যথাযথ ভূমিকা পালন করছে না।
তারা বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি, রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা এবং সংঘাতপূর্ণ অঞ্চলে জোরপূর্বক সামরিক কাজে নিয়োজিত বাংলাদেশিদের উদ্ধারে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।
সমাবেশে আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের বিস্তারিত তথ্য সরকারের কাছে থাকার কথা থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানত না।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস কিংবা মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের যে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর পর তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সরকারের উদাসীনতারই প্রমাণ বলে দাবি করেন তিনি।
সিপিবির এই নেতা আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের মন্ত্রী-সংসদ সদস্য ও আমলাদের বিলাসী জীবন নিশ্চিত হলেও প্রবাসীদের জীবন ও মর্যাদা রক্ষায় সরকার উদাসীন।
সভাপতির বক্তব্যে রাগীব আহসান মুন্না বিদেশে আটক বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা প্রদান, নিয়মিত কারাগার পরিদর্শন এবং বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্ত করতে জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।
শ্রমিক নেতা জলি তালুকদার বলেন, সরকারের অবহেলার প্রতিবাদে প্রবাসী শ্রমিকেরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিলে তা হবে আইনি সহায়তা থেকে বঞ্চিত বন্দি এবং নিজ দেশের সরকারের কাছ থেকে অবহেলার শিকার প্রবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।
সমাবেশ শেষে সিপিবির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।