মুশফিক হাওলাদার, লালমোহন ( ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কলেজের চতুর্থ তলার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক মো. ফেরদাউসুর রহমান এবং লালমোহন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানো হয়। এ সময় শিক্ষাজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
নবীনবরণ শুধু নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর আয়োজন নয়; বরং এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, বন্ধুত্ব, সৌহার্দ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের পথচলা সুন্দর, সাফল্যমণ্ডিত ও সম্ভাবনাময় হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টরা।