কুষ্টিয়া সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলার সীমান্তবর্তী পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক ও জননিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ অক্টোবর আনুমানিক দুপুর ১টার দিকে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে অভিযান পরিচালনা করে একটি চৌকস বিজিবি টহল দল।
অভিযানকালে নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে সেগুলো জব্দ করা হয়। উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। দেশের কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের সার অবৈধভাবে পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।