নাটোরের গুরুদাসপুর পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কহিনুর খাতুন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সজিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় শুধু এ পদেই ভোট নেওয়া হয়। অন্য পদগুলোতে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে ভোট গণনা শেষে দিল মোহাম্মাদ ৭ ভোট, সোহেল ২১ ভোট এবং মো. রাশিদুল ইসলাম ২৩ ভোট পান। ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন রাশিদুল ইসলাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—সাধারণ সম্পাদক কহিনুর খাতুন, সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মহামুদুল হাসান, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রুবেল, প্রচার সম্পাদক মো. জনাব আলী, দপ্তর সম্পাদক এস এম ইমরান আলী, ক্রীড়া সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য মো. নজরুল ইসলাম।
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সহ-সভাপতি, মহিলা বিষয়ক সম্পাদক এবং ২ ও ৩ নম্বর সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় এসব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহরিয়ার শামিম।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতারা পৌরসভার কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।