সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও কয়েকজন খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এর প্রথম ধাপে সারাদেশ থেকে ৩০৬ জন ক্রীড়াবিদকে বাছাই করা হয়েছে। বর্তমানে ঢাকার বিকেএসপিতে তাদের প্রশিক্ষণ চলছে।
প্রশিক্ষণ শেষে যোগ্যদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা করা হবে। খেলোয়াড় তৈরি না করে কাউকে ছেড়ে দেওয়া হবে না বলেও জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন,
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।