আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পিকআপে উঠে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছর। এ সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী থেকে একটি খালি পিকআপ সেবারহাটের দিকে যাচ্ছিল। সেনবাগ স্টেডিয়ামের সামনে কয়েকজন তরুণ পিকআপটিতে উঠে পড়েন। পরে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন। পরে সেবারহাট বাজার এলাকায় পিকআপটির পথরোধ করে ৯ কিশোরকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা-কর্মীরা কিশোরদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।