মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (১ অক্টোবর)আল ৯টা ২৬ মিনিটের দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, নিমতলা এলাকায় রেললাইনের পাশে এক বৃদ্ধ নারীর মরদেহ পড়ে রয়েছে। খবর। পেয়ে ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই নারী দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। দুর্ঘটনায় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
এদিকে রেললাইন পারাপারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পক্ষ থেকে রেললাইন পার হওয়ার আগে ডানে-বামে ভালোভাবে দেখে নেওয়া, রেললাইনের ওপর বসা বা হাঁটাচলা না করা এবং চলার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ের সিগন্যাল ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।