পাবনায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এর অংশ হিসেবে তারা মাইক্রোবাসে করে এসে শহরের মধ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
এ নিয়ে ৫ আগস্টের পর তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেন। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন।
ঘটনার তিন দিন পর, ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।
পুলিশের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর তিনি ও তার সমর্থকেরা সুজানগর এলাকায় আবারও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। পরে চলতি বছরের ২৩ এপ্রিল রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।