বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে হাত পাতে না। দলটির নেতাকর্মীরা পরিশ্রমী এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন।
নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছে। দলের নেতাকর্মীরা এ আন্দোলনে জেল-জুলুম সহ্য করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য ১৯৭১ সালে দেশের মানুষ রক্ত দিয়েছে। এরপরও গত ১৭ বছর বিএনপিকে আন্দোলনের মাঠে থাকতে হয়েছে। ২০২৪ সালের আন্দোলনেও শ্রমজীবী মানুষের বড় ধরনের ত্যাগ রয়েছে। তাই এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যার সুযোগ নিয়ে বিএনপির অভিন্ন প্রতিপক্ষ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় এবং দলের প্রকৃত নেতাকর্মীরাও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নন। তাঁর ভাষায়, শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী কখনো চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে যুক্ত হতে পারেন না। তিনি স্পষ্ট করে বলেন, ‘চাঁদাবাজরা বিএনপির নয়।’
বর্তমান সরকারের সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তাঁর মতে, সরকারের মেয়াদের মাত্র এক-দশমাংশ সময় অতিক্রান্ত হয়েছে।