হাসনাত আবদুল্লাহর ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কর্মসূচিতে কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে হামিম দাবি করেন, হাসনাত আবদুল্লাহ ও তার অনুসারীরা নতুন একটি ‘ধান্দা’ নিয়ে মাঠে নেমেছেন। তিনি অতীতে বন্যার অনুদানের অর্থ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বর্তমান ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়েও সমালোচনা করেন।
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হাসনাতদের জীবনযাপনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে তিনি তাদের পোশাক, মোবাইল ফোন ও ব্যবহৃত যানবাহনের উদাহরণ তুলে ধরেন।
পোস্টে হামিম বলেন, এসব পরিবর্তনের পরও কেন তাদের ‘ভিক্ষা’ প্রয়োজন—এ নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে এ কর্মসূচিতে অর্থ না দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া, কয়েক হাজার টাকা সংগ্রহের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত ‘কালো টাকা সাদা দেখানোর ধান্দা’ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি হামিম।
পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘সুতরাং, সাধু সাবধান।’