সরকার বিরোধী দলের কথা না শুনলে রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে এবং আন্দোলনের মাধ্যমেই এর ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব পরিবহন থেকে শুরু করে প্রায় সব পণ্যের ওপর পড়ে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।
তিনি বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে বিরোধী দল সংসদে একাধিক নোটিশ দিলেও সব বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না। জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য সরকার গুরুত্ব না দেওয়ায় রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
চলমান লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ কর্মসূচির দাবিগুলো কোনো একটি রাজনৈতিক দলের একক দাবি নয়, বরং জনগণের দাবি। ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারি দলের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। ওই ঘটনাকে কেন্দ্র করে সরকারি দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন শফিকুর রহমান।
সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর সম্ভাব্য উদ্যোগেরও বিরোধিতা করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের মানুষ যখন অর্থনৈতিক সংকটে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানো হলে তা সঠিক হবে না। সরকার এমন উদ্যোগ নিলে বিরোধী দল তার বিরোধিতা করবে।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন শফিকুর রহমান। গণমাধ্যমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি তৈরি না করার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।