বিগত দিনের ‘ফ্যাসিস্ট’ ও ‘গুপ্ত শক্তি’ এখন মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনায় তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য বা প্রতিবাদ দেখা যাচ্ছে না। তার ভাষ্য, এ পরিস্থিতি থেকেই মনে হচ্ছে বিগত দিনের ‘ফ্যাসিস্ট শক্তি’ ও ‘গুপ্ত শক্তি’ একসঙ্গে কাজ করছে।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী দলগুলোর কাছ থেকে দেশের ও জনগণের স্বার্থে সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করা হলেও তারা অসহযোগিতার পথে হাঁটছে বলে তিনি মনে করেন।
আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, ছোটখাটো বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানানো হলেও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় বিরোধী পক্ষের দৃশ্যমান প্রতিবাদ না থাকায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।