সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির আয়োজিত মিছিল শেষে তিনি এ কথা বলেন। নেভি গলিতে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি তাদের তিনটি দাবির কথা তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ), গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার—আমরা তো এই তিনটা দাবিতে রাজপথে আছি।’
তিনি বলেন, ‘সরকার তো এই দাবিগুলো মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’
তার বক্তব্যের প্রসঙ্গে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিকেই তিনি ককটেল বিস্ফোরণের সঙ্গে যুক্ত করেছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘গতকালও দুটি মিছিল হয়েছে। আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট এটাই তো বলে আসছে।’
১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা সত্য নয়।’