মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিএনপির দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে তিন নেতা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ। দলীয় সূত্র জানিয়েছে, সাক্ষাৎকার অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
তবে স্থানীয় বিএনপির একাধিক সূত্রের দাবি, মির্জা ফয়সল আমিনকেই দলীয় প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে, আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
স্থানীয় রাজনৈতিক ও ভোটারদের আলোচনায় বিএনপি ও জামায়াতের প্রার্থীদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা গুরুত্ব পাচ্ছে। ঠাকুরগাঁও-১ আসনে উল্লেখযোগ্যসংখ্যক হিন্দু ও আদিবাসী ভোটার রয়েছেন, যা নির্বাচনী হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হতে পারে।
ইতোমধ্যে মির্জা ফয়সল আমিন নির্বাচনী প্রস্তুতি সভা করেছেন। অন্যদিকে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনও। ফলে উপনির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে রাজনৈতিক মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে।