জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি সরকার বুঝতে বা পড়তে সক্ষম না হলে সরকারকে ‘শিক্ষিত করতে’ তারা প্রস্তুত রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তাদের কাছে জানতে চাইছে কেন লংমার্চ করা হচ্ছে। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা ইতোমধ্যে দেশের মানুষের সামনে তাদের অবস্থান তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘সরকার যদি অন্ধ হয়ে যায়, আমাদের ৮ দফা দাবি যদি পড়তে সক্ষম না হয়, সরকারকে শিক্ষিত করতে প্রস্তুত আছি।’
গুমের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সংসদে এসব সমস্যার সমাধান করা গেলে বিরোধী দলকে রাজপথে নামতে হতো না। তার দাবি, সরকারের কর্মকাণ্ডই তাদের লংমার্চ ও রাজপথের কর্মসূচিতে যেতে বাধ্য করেছে।
তিনি বলেন, আগের দিন সংসদ এলাকায় গুমসংক্রান্ত আইনের প্রতিবাদে বিরোধী দলের নেতারা ‘কালো দিবস’ পালন করেছেন এবং সংসদ থেকে ওয়াকআউট করে সরকারের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।
নিজেদের আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ ও মওলানা ভাসানীর আন্দোলনের ধারাবাহিকতায় তারা বর্তমান কর্মসূচিকে দেখছেন।
তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষা, গুমসংক্রান্ত আইন ও সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপত্তি, এসআরবি বিলুপ্তি এবং তিস্তা অঞ্চলের মানুষের দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে তাদের আন্দোলন চলবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-রংপুর লংমার্চের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হচ্ছে না। ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করলে আন্দোলন আরও বিস্তৃত হবে। এ সময় সরকারবিরোধী স্লোগানও দেন তিনি।