রংপুর অভিমুখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিতে গাড়ি না পেলে ট্রাক ভাড়া করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কার গাড়ি নিয়ে যাব, সবার কাছে গাড়ি চাইতেছি। একজন বলল ট্রাকে করে যাওয়ার জন্য। দেখি একটা ট্রাক ভাড়া করব এবার।’
রংপুর অভিমুখে লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এটিকে ‘লং ড্রাইভ’ বলছে। এ প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘লং ড্রাইভে আসেন, ঘুরে আসি রংপুরে।’
পাটওয়ারী জানান, রংপুরে গিয়ে তিস্তা ইস্যু নিয়েও কথা বলা হবে। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের আগের ছয় দফা দাবির সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী আরেকটি দাবি যুক্ত হয়েছে। ফলে তাদের দাবি এখন সাত দফায় দাঁড়িয়েছে।
তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের বিষয়টিও এখন ১১ দলীয় ঐক্যের দাবির অংশ।
আগামী ১৯ সেপ্টেম্বর সাত দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচিতে বিভিন্ন স্থানে পথসভা এবং রংপুরে সমাপনী সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।