প্রবাসী শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শফিকুর রহমান অভিযোগ করেন, আগের সরকারের সময় গড়ে ওঠা শ্রমবাজারকেন্দ্রিক সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও পাকিস্তান যদি উন্মুক্ত পদ্ধতিতে শ্রমিক পাঠাতে পারে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই সুযোগ থাকা উচিত।
তিনি বলেন, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে অনেক শ্রমিক বিদেশে গিয়ে ঋণের বোঝায় পড়েন। তাই শ্রমবাজারে স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
প্রয়োজনে তাদের চলমান সাত দফা দাবির সঙ্গে শ্রমবাজারের সিন্ডিকেটবিরোধী দাবিও যুক্ত করা হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, নিজেদের ঘনিষ্ঠ কেউ সিন্ডিকেটে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। তিনি প্রবাসীদের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।