মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম, অ্যালকোহল ও গলিত ইয়াবার আলামতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোয়ালখালী বাজারের ‘হোটেল একতা ইন’-এর তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ বাবুল মিয়া ওরফে বাবলু (৩৩), আব্দুর রহিম (২৪) এবং মোঃ শরীফুল ইসলাম ওরফে শরীফুল আলম (৩৩)। তারা দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে দীঘিনালা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানের সময় হোটেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে একটি ৩৭৫ মিলিলিটারের স্বচ্ছ কাচের বোতলে আনুমানিক ১০ মিলিলিটার ভদকা উদ্ধার করা হয়। জব্দ তালিকা অনুযায়ী, বোতলের গায়ে ‘Magic Moment’সহ বিভিন্ন লেখা এবং ৪২ দশমিক ৮ শতাংশ অ্যালকোহলের উল্লেখ ছিল।
এ সময় গলিত ইয়াবার আলামতযুক্ত চারটি ফয়েল পেপার, গলিত ইয়াবার আলামতযুক্ত বিভিন্ন রঙের ১০টি বোতলের ছিপি, মাদক সেবনের তিনটি পাইপ, পাঁচটি লাইটার এবং মাদক সেবনে ব্যবহৃত পাঁচ টাকার একটি নোটও উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা ওই কক্ষে ইয়াবা ও অ্যালকোহল সেবনের কথা স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রস্তুত করা জব্দ তালিকার ভিত্তিতে এবং তাঁর আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল চৌধুরী বলেন, “অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
দীঘিনালা থানার এফআইআর নং-০১, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১৬ ও টেবিল ২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই প্রাণতোষ বণিকের ওপর অর্পণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।