কাওসার আহমেদ.
নাটোরের গুরুদাসপুরে ২০২৬–২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার মোট নয়টি জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে চলনবিলের বিলশা বিলে ৫৫ কেজি, খামারপাথুরিয়া মাদ্রাসার পুকুরে ৫০ কেজি, উপজেলা পরিষদের পুকুরে ৩০ কেজি, দিকদারিয়া বিলে ৩০ কেজি, মির্জা মাহমুদ খালে ৩০ কেজি, খোলাগাড়ি বিলে ৩০ কেজি, পাটপাড়া মরা তুলশী নদীতে ২০ কেজি, থানা পুকুরে ২০ কেজি এবং বিল কাঠর মরা নদীতে ২০ কেজি মাছের পোনা ছাড়া হয়। অবমুক্ত করা পোনার মধ্যে ছিল রুই, কাতলা ও মৃগেল।
উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, পিআইও আমিনুর রশীদ, এমপি পুত্র মাহমুদুজ্জামান সোহাগ ও উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বিভিন্ন এলাকার মৎস্যজীবীরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে জলজ জীববৈচিত্র্য রক্ষায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।