আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এজন্য জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার পাশাপাশি নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন তৈরিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে এবং নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে। দেশের রাজনীতিতে নতুন নেতৃত্ব ও রাজনৈতিক শক্তির উত্থানের জন্য এ কাজ গুরুত্বপূর্ণ।
চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জাতীয় ছাত্রশক্তিকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মূল শত্রু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়; বরং চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, সিন্ডিকেট কারবারি ও দলীয় দাসত্বের রাজনীতিই মূল শত্রু। এসবের বিরুদ্ধে ছাত্রশক্তিকে সামনের সারিতে থেকে লড়াই করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি এনসিপির ইঞ্জিন।’ গণ-অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রশক্তিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। নাসীরুদ্দীন বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে।
চোখে আঘাত পাওয়া ছাত্রশক্তির তরুণ নেতা আলিফের প্রসঙ্গ তুলে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি নেই এবং অন্য চোখটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে যারা ‘বেইমানি’ করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থের কাছে জুলাইয়ের চেতনা বিসর্জন দেওয়া যাবে না।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। রাজনৈতিক পক্ষপাতের পরিবর্তে স্বাধীন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।