ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ‘তলে তলে’ আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন বলে দাবি করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামীম। রুমিনের সাম্প্রতিক বক্তব্য ‘পতিত ফ্যাসিবাদের’ বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন হামীম।
শেখ তানভীর বারী হামীম বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন।’
রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্য ও পরিসংখ্যানসংক্রান্ত মন্তব্যের প্রসঙ্গ টেনে হামীম বলেন, তিনি এসব কথা জেনে-বুঝেই বলেছেন বলে তার ধারণা। সাধারণত কোনো একটি বছরের তথ্যের ভিত্তিতে নয়, বরং কয়েক বছরের তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন সূচক ও পরিসংখ্যান প্রকাশ করা হয় বলে উল্লেখ করেন তিনি।
হামীম বলেন, ‘ছয় মাসের কোনো স্ট্যাটিস্টিক নয়, এটা গত ১৭ বছরের স্ট্যাটিস্টিক বা গত পাঁচ বছরের স্ট্যাটিস্টিক। আপনার মনে আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যখন বলা হয়, ২০০১ বা ২০০২ সালে প্রকাশিত সেই পরিসংখ্যানও কিন্তু তার আগের পাঁচ বছরের একটি স্ট্যাটিস্টিক।
কারণ এক বছরের স্ট্যাটিস্টিক তো হয় না। চার-পাঁচ বছরের স্ট্যাটিস্টিক হয়। সুতরাং এগুলো রুমিন ফারহানা জেনে-বুঝেই বলেছেন।’
৫ আগস্ট-পরবর্তী সময়ে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদলের এই নেতা। তার দাবি, ওই সময় রুমিন ফারহানা ‘পপুলিজমের’ পক্ষে অবস্থান নিতে চেয়েছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক সুযোগ পাওয়ার প্রত্যাশা করেছিলেন।
হামীম বলেন, ‘রুমিন ফারহানা চেয়েছিলেন ৫ আগস্টের পরে তিনি সবসময় একটু পপুলিজমের পক্ষে থাকবেন। তিনি ভেবেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাকে ওই সময় এক ধরনের সুযোগ দিতে পারে, যে আপনি আমাদের দলে আসবেন।’
৫ আগস্টের পর বিভিন্ন টকশোতে রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন বলেও দাবি করেন হামীম।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রুমিন ফারহানাকে নেওয়া হয়নি। এরপর কিছুদিন তিনি ওই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধেও অবস্থান নেন বলে দাবি করেন ছাত্রদল নেতা।
রুমিন ফারহানার বর্তমান রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে হামীম বলেন, ‘এখন তার যে বক্তব্য, সেটি সম্পূর্ণ পতিত ফ্যাসিবাদের সঙ্গে মিলে যাচ্ছে।’
এসব বক্তব্যের ভিত্তিতেই রুমিন ফারহানা আওয়ামী লীগের সঙ্গে ‘তলে তলে লিয়াজোঁ’ করেছেন বলে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানান শেখ তানভীর বারী হামীম।