দেশের গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি এলাকার বিভিন্ন মহল্লা পরিদর্শন করেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। সে সময় ব্যাপক দুর্নীতিও হয়েছে। এখনও এসব সমস্যা বিরাজ করছে। গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে।
তিনি বলেন, বর্তমান সরকার গত সাত মাসে যথাযথ উদ্যোগ নিলে এসব সংকট মোকাবিলা করা আরও সহজ হতো।
নিজ নির্বাচনি এলাকার পরিস্থিতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচনে সাতারকুলের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না বলে মন্তব্য করেন তিনি।
উন্নয়ন বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তার অভিযোগ, সরকারি দলের মতো বিরোধী দল সমান বরাদ্দ পায় না। ফলে ইচ্ছা থাকলেও নিজ এলাকার উন্নয়নে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় না।
নাহিদ ইসলাম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সরকার ও বিরোধী দলের জন্য উন্নয়ন বরাদ্দ সমান হওয়া উচিত।