কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, সেই দলের দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না।
আওয়ামী লীগ প্রসঙ্গে বারবার প্রশ্ন করা হলে বিব্রতবোধ করেন বলেও মন্তব্য করেন মীর শাহে আলম।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এসব নির্বাচনে রাজনৈতিক দল থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। নির্বাচন নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হবে। তবে বিএনপি প্রতিটি নির্বাচনে একজন করে প্রার্থীকে সমর্থন দেবে বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। কোনো দল বা গোষ্ঠীর ইচ্ছায় নয়, জনগণের রায়ের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।