বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না—এটা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না।’
ঋণখেলাপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে, বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণখেলাপিতে সর্বোচ্চ হওয়া।’
তার বক্তব্যের সময় সংসদের সরকারদলীয় অংশ থেকে হইচই শুরু হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
হট্টগোলের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। মজা মন্দ না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে। বরং আরও খারাপ আচরণ।’
সংসদ সদস্যদের ঋণখেলাপি হওয়ার প্রসঙ্গ টেনে রুমিন দাবি করেন, বর্তমান সংসদের বেশিরভাগ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে যাওয়া আমাদের পুরোনো সংস্কৃতি। এগুলো আমরা বহু দেখেছি। ইলেকশনের আগে তাড়াতাড়ি ঋণখেলাপির নাম থেকে বাদ দেয়।’
তার এসব বক্তব্যকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।